ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠিতে দিন দিন ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝালকাঠি জেলাকে ডেঙ্গুর ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত জেলার চারটি সরকারি হাসপাতালে মোট ২ হাজার ৩৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩২৫ জন।
ঝালকাঠির সিভিল সার্জন হুমায়ুন কবির জানান, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি হাসপাতালগুলোতে পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। এসব ওয়ার্ডে রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, সংক্রমণ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে। এডিস মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি ফেলে দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

