নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অপ্রতিমের প্রথম জানাজা শেষে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় ‘কুমিল্লায় মানুষ মরে, পুলিশ গিয়ে মেডেল ধরে’, ‘খুনির কোনো ছাড় নাই, ফাঁসি ছাড়া নিস্তার নাই’, ‘আজকে অপ্রতিম, কালকে কার পালা’ এবং ‘বুকের রক্ত ভেসে গেল, প্রশাসন চুপ কেন’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় কুমিল্লা জেলা পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
সম্প্রতি অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে সারাদেশের মধ্যে প্রথম হওয়ার স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলা পুলিশকে পুরস্কৃত করা হয়। গত ২৯ আগস্ট ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
এই পুরস্কারের প্রসঙ্গ টেনে শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘কুমিল্লায় মানুষ মরে, পুলিশ গিয়ে মেডেল ধরে’। তাদের বক্তব্য, একদিকে কুমিল্লায় হত্যাকাণ্ড ঘটছে, অন্যদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সাফল্যের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে—এ নিয়ে তারা প্রশ্ন তুলছেন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, ‘আমরা আজ কেবল অপ্রতিমের জন্য এখানে আসিনি। এ চিত্র সারা বাংলাদেশের। কুমিল্লায়ও প্রতিনিয়ত এসব হচ্ছে। তারপরও নাকি পুলিশ সুপার অ্যাওয়ার্ড পেয়ে যায়। আমরা অপ্রতিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূইয়া বলেন, ‘এটা সম্পূর্ণই পুলিশ প্রশাসনের ব্যর্থতা। পুলিশ বলে, ‘ক্লু পেয়েছি, ক্লু পেয়েছি’, কিন্তু কী ক্লু তারা পেয়েছে, সেটা আমরা আদৌ জানি না। এই ব্যর্থতার দায় তারা যতক্ষণ না পর্যন্ত মাথায় নেবে, আমরা ততক্ষণ রাস্তায় আছি।’
এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কোটবাড়ি বিশ্বরোডে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

