ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় ওমান উপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটি অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, গত ১০ অক্টোবর এমভি ওশান মোলিকা, যা আরিকা সান নামেও পরিচিত, নামের জাহাজটির পেছনের অংশে মার্কিন একটি যুদ্ধবিমান আঘাত হানে। এর আগে জাহাজটির নাবিকদের বারবার সতর্ক করা হয়েছিল; কিন্তু তারা সতর্কবার্তা উপেক্ষা করায় হামলা চালানো হয়। এতে জাহাজটির ইঞ্জিনচালিত চলাচলব্যবস্থা অচল হয়ে যায়। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি ইরানের একটি বন্দর থেকে যাত্রা করেছিল এবং নৌ অবরোধ উপেক্ষা করে আঞ্চলিক জলসীমা অতিক্রমের চেষ্টা করছিল। গত ১৪ জুলাই থেকে এই অবরোধ কার্যকর করা হয় বলে সেন্টকম জানিয়েছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, অবরোধ কার্যকরের তিন মাসের বেশি সময়ে মার্কিন বাহিনী চারটি বাণিজ্যিক জাহাজ অচল করেছে, আরও ১৩৫টি জাহাজের গতিপথ ফিরিয়ে দিয়েছে এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ছায়া নৌপরিবহন নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা ১০টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে।

